চাটমোহর পৌরসভায় যানজট নিরসনে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

মোঃ আশরাফুল ইসলাম, পাবনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

রাজশাহী

চাটমোহর পৌরসভায় যানজট নিরসনে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

পাবনার চাটমোহর পৌর শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্ঙ্খলা ফিরিয়ে আনতে পৌরসভার উদ্যোগ ও অর্থায়নে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ থানা বাজার মোড় ও নতুন বাজার জার্দিস মোড়ে এসব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে থানা বাজার মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মজিবুর রহমান, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ এম জাকারিয়া, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, পৌর শহরের যানজট নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের কোথাও ভারী যানবাহন দিয়ে মালামাল লোড-আনলোড করা যাবে না। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত দুইজন ট্রাফিক স্বেচ্ছাসেবকের হাতে ছাতা, বাঁশিসহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।

পৌরবাসীর প্রত্যাশা, এ উদ্যোগের ফলে চাটমোহর পৌর শহরের যানজট কমবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।