নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান উন্নয়ন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
সভায় সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। সদস্য সচিবের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি, ব্যবস্থাপনাগত বিভিন্ন সমস্যা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি। চিকিৎসাসেবার মান বাড়ানোর পাশাপাশি সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্ব দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী হাসপাতালের চলমান কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপস্থিত কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরাও হাসপাতালের সেবার মান উন্নয়নে তাঁদের মতামত ও পরামর্শ দেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম মসজিদুল হক, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।