নাচোলে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাকে দেড় লাখ টাকার ঋণ
যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা ও আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এক যুব আত্মকর্মীর হাতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে দেড় লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান এবং সফল যুব উদ্যোক্তা ফাইজুর কবির।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সমিতির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুব আত্মকর্মী ফজলে এলাহীর হাতে দেড় লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। এ ঋণের মাধ্যমে তাঁর আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।