চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
পাবনার চাটমোহরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ফসল চাষে উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চাটমোহর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাটমোহরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা, খেসারী ও মসুর ফসলের আবাদ বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উৎপাদন খরচ কমানো, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং রবি মৌসুমে সরিষা, খেসারী ও মসুরের আবাদ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষকদের কৃষি উৎপাদনে আরও আগ্রহী করে তোলা এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচির অন্যতম লক্ষ্য।