অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির ঐক্য জোরদারের আহ্বান শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

জাতীয়

অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির ঐক্য জোরদারের আহ্বান শফিকুর রহমানের

অস্ট্রেলিয়ার সিডনিতে দেশটির ন্যাশনাল ইমাম কাউন্সিলের নেতাদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটির ইতিবাচক ভূমিকা বাড়াতে ঐক্যবদ্ধ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিডনির চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (ANIC) উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মুসলিম কমিউনিটির প্রতিনিধি, ইমাম, আলেম, ধর্মীয় ও সামাজিক নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে আয়োজকদের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শফিকুর রহমান। বাংলাদেশ থেকে আগত অতিথিকে সময় দেওয়ায় উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার আদিবাসী ও ঐতিহ্যবাহী অধিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ইতিহাস, ঐতিহ্য এবং প্রবীণদের অবদানের কথা স্মরণ করেন।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল বিভিন্ন মুসলিম জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে সামাজিক কল্যাণে কাজ করছে উল্লেখ করে এর কর্মকাণ্ডের প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, বিভিন্ন কমিউনিটিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ সমাজে ইতিবাচক অবদান রাখছে। এই ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম জনগোষ্ঠী আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংহতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।