অপরাধে জড়িতদের আইন ও রাজনীতির মাধ্যমে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

ঢাকা, ২১ নভেম্বর
২১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

জাতীয়

অপরাধে জড়িতদের আইন ও রাজনীতির মাধ্যমে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ছবি ----সংগৃহীত

গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে অপরাধের সঙ্গে জড়িতদের আইনগত প্রক্রিয়া ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগে সূচিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নেওয়াই এখন দেশের প্রধান লক্ষ্য।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘদিন নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময়ে সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব ঘটনাকে ক্রসফায়ার হিসেবে উল্লেখ করা হতো। একই সময়ে সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন এবং স্বজনেরা ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের অবদানের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ২০-২১ দিনের আন্দোলনে জেন-জি প্রজন্ম যে সাহস ও আত্মত্যাগ দেখিয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন এবং ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো বিস্মৃত হবে না।

তিনি বলেন, অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রক্ষায় সরকার জনগণের কাছে দায়বদ্ধ।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম মেধা, সৃজনশীলতা, প্রজ্ঞা ও পরিশ্রমের ক্ষেত্রে অনেক এগিয়ে। শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার আয়োজন কেবল আর্থিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে জ্ঞান অর্জন, শিক্ষায় উৎকর্ষ এবং মেধার বিকাশে উৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়ে আসাদুজ্জামান বলেন, তাঁর নিজ জেলা ঝিনাইদহ হলেও প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গার প্রতিও দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। জেলার উন্নয়নে সুযোগ সৃষ্টি হলে এবং তাঁর পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদুজ্জামান টরিক, সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা এবং শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।