রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ২
ছবি-সংগৃহীত
রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে ভাই-বোন ময়না বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় হাসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এসআরবি অধিনায়কের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আগেও তিনটি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এদিকে সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআরবি। এ সময় ময়না বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, আটক দুজন সম্পর্কে ভাই-বোন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা এবং একাধিক মামলার তথ্য রয়েছে।
সংবাদ সম্মেলনে গত ছয় মাসের অভিযানের পরিসংখ্যানও তুলে ধরা হয়। এ সময়ে প্রায় ১৭টি অবৈধ অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল এবং প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে এসআরবি। অস্ত্র ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৯ জনকে।
একই সময়ে বাহিনীটি প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।