সংবাদ শিরোনাম

খুলনায় তিন হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় তিন হত্যা  মামলার মূল আসামি গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনার লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত তিন খুনের মামলার অন্যতম আসামি বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে টুটপাড়া দারোগার বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, বিসমিল্লাহ খুলনা থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত বিসমিল্লাহ টুটপাড়া এলাকার বাসিন্দা এবং বিভিন্ন মামলার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এদিকে ট্রিপল মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা ও লবণচরা থানার ওসি (তদন্ত) মো. ইউসুফ আলী জানান, তিন খুনের মূল পরিকল্পনাকারীসহ একাধিক আসামি ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বিসমিল্লাহর সম্পৃক্ততার কথা উল্লেখ করেছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হবে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানান তিনি।