নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাসুদ আল হাসান, খুলনা :
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, সার্বিক প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক।
বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিনসহ আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচনের পর সহিংসতা হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা স্থাপন করা হবে। নিরাপত্তা নিশ্চিতে ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করা হবে।
নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে উপদেষ্টা জানান, প্রায় এক লাখ সেনাবাহিনীর সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, সাড়ে তিন হাজার নেভি, এক লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ৩৭ হাজার বিজিবি, নয় হাজার র্যাব ও পাঁচ লক্ষাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাপনা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম সবসময় দেশ ও জাতির স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখে। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তবে বিভ্রান্তিকর বা মিথ্যা সংবাদ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, খুলনা বিভাগের কমিশনার মো. মোখতার আহমেদ এবং পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।