নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আনসার বদ্ধপরিকর
খুলনা ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি।
৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষ্যে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আনসার সদস্যদের অস্ত্রসংবলিত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
মহাপরিচালক বলেন, নয় লক্ষাধিক নিবন্ধিত আনসার ও ভিডিপি সদস্যের মধ্য থেকে এবারের নির্বাচনে পাঁচ লাখ ৬০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশসেবার মহান ব্রত নিয়ে বাহিনীর সদস্যরা একযোগে কাজ করবেন। আসন্ন নির্বাচনের স্থিতিশীলতা অনেকটাই আনসার সদস্যদের ওপর নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে এমন প্রস্তুতিমূলক সমাবেশ এই প্রথম অনুষ্ঠিত হলো এবং পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ ধরনের সমাবেশ আয়োজন করা হবে।
সমাবেশে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী, জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে খুলনা জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। অনুষ্ঠানটি খুলনার তিনটি জেলায় সরাসরি সম্প্রচার করা হয়।
পরে মহাপরিচালক খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।