সংবাদ শিরোনাম

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ মাছ ধরা, তিন জেলে কারাগারে

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ মাছ ধরা, তিন জেলে কারাগারে

খুলনা ব্যুরো :

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বন বিভাগ জানায়, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্যের জলঘাটা খালে নিয়মিত টহলকালে জেলেদের আটক করা হয়। আটক জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার কয়রা গ্রামের মোসানুর রহমান (৪৫), দশালিয়া গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও শাহিনুর মোল্লা (৪৫)।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের সংরক্ষিত বন ও অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে মাছ ধরার দায়ে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়। পরে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।