সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ২ শিকারী আটক
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যে হরিণ শিকারের প্রস্তুতিকালে একটি ট্রলারসহ দুই শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কটকা অভয়ারণ্য এলাকার বেতমোর নদীতে নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ট্রলারটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ফাঁদ জব্দ করা হয়। ট্রলারের পাটাতন রক্তে মাখা অবস্থায় পাওয়া যায় বলে জানায় বন বিভাগ।
আটক ব্যক্তিরা হলেন বরগুনার তালতলী উপজেলার সকিনা গ্রামের আ. মালেক আকন (৬০) ও আ. কালাম হাওলাদার (৫৫)। বনরক্ষীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে শিকার করা হরিণের মাংস নদীতে ফেলে দেন।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, আটক দুইজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। ১ জানুয়ারি রবিবার বিকেলে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়।