সংবাদ শিরোনাম

নারীদের বাদ দিয়ে দেশ এগোনো সম্ভব নয় ; তারেক রহমান

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন   |   খুলনা

নারীদের বাদ দিয়ে দেশ এগোনো সম্ভব নয় ; তারেক রহমান

মাসুদ আল হাসান ,খুলনা ব্যুরো:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীদের অবমূল্যায়ন করে এবং মিথ্যার আশ্রয় নিয়ে যারা রাজনীতি করে, তারা দেশপ্রেমিক হতে পারে না। ২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপির এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন, যেখানে দল-মত নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বৃহৎ জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। তিনি নারীদের শিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন।


নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কর্মজীবী নারীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু নারীদের নয়, দেশের জন্যও লজ্জাজনক।

পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে নারীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বহু নারী সংসার চালাতে ভূমিকা রাখছেন, অথচ তাদেরই অপমান করা হচ্ছে।

তারেক রহমান বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বললেও নারীদের কর্মজীবনের বিরোধিতা করা ধর্মীয় শিক্ষার পরিপন্থী। তিনি হযরত বিবি খাদিজা (রা.)-এর ব্যবসায়িক ভূমিকার উদাহরণ দেন।

আইডি হ্যাক হওয়ার অজুহাত প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি মিথ্যাচার ছাড়া কিছু নয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

খুলনা অঞ্চল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে খুলনাকে পুনরায় শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি তরুণদের জন্য আইটি পার্ক, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং কৃষিঋণ মওকুফের ঘোষণা দেন তিনি।

শেষে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার পরিবেশ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করলেই জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।