চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি কমিউনিটি সেন্টারে তিনি এই ইশহেতার ঘোষণা করেন। সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসন, কর্মমুখী জনপদ এই স্লোগানে ইশহেতারে ড. মিজানুর রহমান তিনটি উপজেলার নিরাপত্তা, স্বচ্ছতা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও কৃষিতে বিভিন্ন উন্নয়ন নিয়ে ৫৫ দফা ইশতেহার ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারী ও মাদকমুক্ত করা হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা প্রনয়নে সকল শ্রেণি-পেশা ও দলকে সম্পৃক্ত করে ঘুষমুক্ত চাকুরী নিশ্চিত করা এবং সরকারী অফিসসমূহে দুর্নীতি ও ঘুষমুক্ত সেবা নিশ্চিত করা ও জনবান্ধব করে গড়ে তোলা হবে। বরেন্দ্র অঞ্চলের পানি সংকট সমাধানে গুরুত্ব দিয়ে নানামখী পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ইশহেতার ঘোষণা অনুষ্ঠানে তিন উপজেলার জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।