চাঁদাবাজি ও দুর্নীতির সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না : মাহফুজুর রহমান
খুলনা ব্যুরো :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর, খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতির সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। তিনি বলেন, “চাঁদা আমরা নেব না, কাউকে নিতেও দেব না। ইনসাফ টাকার দামে বিক্রি হবে না।”
শুক্রবার (২৩ জানুয়ারি) দৌলতপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, এখনো কিছু দল জনগণের ওপর জুলুম চাপিয়ে দিচ্ছে, যা বন্ধ হওয়া জরুরি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে ঘুস বাণিজ্যের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রকৃত উপকারভোগীরা যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
নির্বাচিত হলে খুলনা-৩ আসনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে অধ্যাপক মাহফুজুর রহমান জানান, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, হাসপাতাল আধুনিকায়ন এবং দুস্থ মানুষের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি নির্মূল করে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে। পাশাপাশি শিল্পায়ন, কৃষি আধুনিকায়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
পথসভায় তিনি যুবসমাজকে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থী ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান