সংবাদ শিরোনাম

খুলনাকে ব্যবসাবান্ধব নগরী গড়ার অঙ্গীকার ; মঞ্জুর

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনাকে ব্যবসাবান্ধব নগরী গড়ার অঙ্গীকার ; মঞ্জুর

খুলনা ব্যুরো :

ব্যবসায়ীদের অর্থনীতির প্রাণশক্তি উল্লেখ করে খুলনাকে একটি ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ব্যবসায়ীরা ন্যায়নিষ্ঠ ও ইমানদার হলে সাধারণ মানুষ উপকৃত হয়, আর অন্যথায় জনগণকে দুর্ভোগ পোহাতে হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে নির্বাচনি গণসংযোগ শুরু করে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় শেষ করেন তিনি। গণসংযোগকালে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে খুলনা সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের ধারাবাহিকতায় ৫ আগস্টের পরও বিভিন্ন স্থানে ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন—এমন অভিযোগ তার কাছে এসেছে।

তিনি বলেন, চাঁদাবাজির কারণে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত এর বোঝা গিয়ে পড়ে সাধারণ ক্রেতার ওপর। এমপি নির্বাচিত হলে খুলনা মহানগরীতে কোনো ধরনের সমাজবিরোধী গোষ্ঠীর অপতৎপরতা সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, অধ্যাপক আরিফুজ্জামান অপুসহ মহানগর, থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।