খুলনায় তিন দিনব্যাপী তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন-২০২৬ শুরু
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন-২০২৬। শনিবার (২৪ জানুয়ারি) খুলনা মহানগরীর সদর থানাধীন সিএসএস আভা সেন্টারে সম্মেলনের উদ্বোধনী দিনে সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রস্তাবিত ‘খুলনা ঘোষণা’র খসড়ায় অন্তর্ভুক্ত ১২টি মূল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপকূলীয় পানি ব্যবস্থাপনা, পানি প্রতিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, ন্যায়ভিত্তিক পানি শাসন এবং সম্প্রদায়ভিত্তিক অভিযোজন উদ্যোগকে আরও শক্তিশালী করতে অংশীদারদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সুপারিশ অন্তর্ভুক্ত করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।
আলোচনায় অংশগ্রহণকারীরা গবেষণা, নীতিগত অভিজ্ঞতা, গণমাধ্যম ও মাঠপর্যায়ের বাস্তবতার আলোকে খসড়া ঘোষণার প্রতিটি বিষয়ের ওপর মতামত তুলে ধরেন। তারা উপকূলীয় পানি প্রতিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীর পানি অধিকার নিশ্চিতকরণ এবং অংশগ্রহণমূলক ও স্বচ্ছ পানি শাসনব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে খুলনা ঘোষণাকে জাতীয় অগ্রাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানানো হয়।
কর্মশালায় বিভিন্ন বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালাটি সঞ্চালনা করেন সুন্দরবন একাডেমির অধ্যাপক আনোয়ারুল কাদির এবং অ্যাওসেড’র টিম লিড (নলেজ ম্যানেজমেন্ট) মো. সালাহ উদ্দিন।
উদ্বোধনী দিনের এই কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশ সংযোজন করে ‘খুলনা ঘোষণা’র একটি সংশোধিত খসড়া প্রস্তুত করা হবে। আগামী ২৬ জানুয়ারি সম্মেলনের সমাপনী দিনে সেই সংশোধিত ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার কথা রয়েছে।