‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ
ছবি-সংগৃহীত
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এর প্রভাবে দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং থেমে থেমে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সাগর ও সংলগ্ন নদনদীতে ঢেউয়ের তীব্রতা বেড়েছে।
বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলেও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে শুরু করে। কখনো হালকা, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে নদনদী উত্তাল হয়ে উঠেছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌযান চলাচলেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের আশঙ্কা, বৈরী আবহাওয়া কয়েক দিন অব্যাহত থাকলে উপকূলের কৃষিকাজসহ স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার বেগ সেখানে ঘণ্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
এর আগে বুধবার সমুদ্রবন্দরগুলোর সতর্ক সংকেত ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি থেকে বাড়িয়ে ৩ নম্বরে উন্নীত করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট ‘আকভান’ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকার বাসিন্দারা বলছেন, আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝেমধ্যে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এতে উপকূলীয় জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী সতর্কবার্তার দিকে নজর রাখছেন স্থানীয়রা।