অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
ছবি-সংগৃহীত
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সাত দিনের এ সফরে তিনি আগামী ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দুই দেশে অবস্থান করবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে দেশটির সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন জামায়াত আমির। পাশাপাশি সেখানে বসবাসরত বাংলাদেশিদের আয়োজনে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
পরে মালয়েশিয়া সফরেও প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন শফিকুর রহমান।
এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে শফিকুর রহমানকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।
এ ছাড়া ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।