কসোভোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ
ছবি ----পিআইডি
কসোভোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। দেশটির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার, রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিভিন্ন খাতে যৌথ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার (Lulzim Pllana) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর আয়োজন, দুই দেশের বাণিজ্যিক সংগঠনগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং চলমান বাণিজ্য চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
কসোভোর রাষ্ট্রদূত বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য দেশটির ভৌগোলিক ও বাণিজ্যিক অবস্থানকে সম্ভাবনাময় হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের উদ্যোক্তাদের ইউরোপের বাজারে প্রবেশের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে।
আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাত থেকে কসোভোতে রপ্তানি বাড়ানোর সম্ভাবনা গুরুত্ব পায়। একই সঙ্গে দেশটিতে বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
কসোভোর লিগনাইট, তামা ও দস্তাসহ বিভিন্ন খনিজ সম্পদকে কেন্দ্র করে যৌথ বিনিয়োগের সম্ভাবনা, কৃষি খাতে সহযোগিতা এবং সেবা খাতের উন্নয়ন নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হতে পারে।