মহারাজপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের জের, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট; ১০টি ককটেল উদ্ধার, আটক ৫
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ১০টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে। পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে মহারাজপুর এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহারাজপুর নতুনপাড়া গ্রামের মৃত মনিমুল বিশ্বাসের ছেলে দুরুল হোদার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওদুদ মহরিল ও জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। গত দুই মাসে ওই এলাকায় কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতাধিক ককটেল উদ্ধার করেছে বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় জালাল মেম্বারের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার জের ধরেই বুধবার সকালে জালাল মেম্বারের সমর্থকেরা দুরুল হোদার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে দুরুল হোদার পরিবারের দাবি, দুই পক্ষের সঙ্গেই তাঁদের পারিবারিক সম্পর্ক থাকলেও জালাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। সন্দেহের ভিত্তিতে তাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরেই বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরো জানুন ------শিবগঞ্জে ২২৪ বোতল এসকাফ ও ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩