দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক এবং সহপ্রচার সম্পাদক অনিক ফেরদৌস।
এ সময় জেলা যুবদলসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিভিন্ন অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্রকামী ও সচেতন জনগণ কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য মেনে নেবে না। তাঁরা এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমাবেশের বক্তারা।
আরো জানুন -----দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী