এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

জাতীয়

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে তৈরি হতে যাওয়া বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় প্রণীত খসড়া কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে তিন বছর মেয়াদি প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে মোট সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন ডলার সাতটি অগ্রাধিকার খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

সভায় খসড়া কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান। পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় তিনি বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে আধুনিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে বেশ কিছু উদ্যোগের প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও পূর্বাভাস দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘মার্কেট ইন্টেলিজেন্স সিস্টেম’ প্রতিষ্ঠা। পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের বিদেশি বাজার সম্প্রসারণ এবং ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনবিষয়ক (ইএসজি) কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক তৈরি, কার্বন মার্কেট পলিসি প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বেসরকারি খাতের প্রতিনিধিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এ সময় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাই আর বিলম্ব না করে দ্রুত খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে হবে এবং সে অনুযায়ী প্রকল্প প্রণয়নের কাজ এগিয়ে নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।