বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
দক্ষিণ এশিয়ার অন্যতম আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা নিশ্চিত করা, দক্ষ জনবল তৈরি এবং পর্যটন ও বিনিয়োগ বাড়াতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সপ্তম এয়ার ট্রান্সপোর্ট সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত একাধিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী।
আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সংস্থাটির সহযোগিতা চান মন্ত্রী। বিশেষ করে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেন তিনি।
এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা, বিশেষায়িত একাডেমিক কার্যক্রম এবং পেশাগত প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী।
বাংলাদেশের বিমান চলাচল খাতের অগ্রগতি ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার প্রশংসা করেন আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট। বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি বিমান চলাচলে রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয় নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
অন্যদিকে থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) কারিগরি সহযোগিতার একটি প্রস্তাবও দেওয়া হয়। এর আওতায় থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) সহায়তায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান মন্ত্রী।
এ ধরনের সহযোগিতা বাস্তবায়িত হলে বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ট্রিলের এ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ দেশের এভিয়েশন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পথও সুগম হতে পারে।
আরো জানুন ---জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ পাচ্ছে ৪১৫ কোটি টাকার অনুদান, ঋণ নয়