এস্তোনিয়ার সহযোগিতায় এগোবে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

জাতীয়

এস্তোনিয়ার সহযোগিতায় এগোবে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়ন ছবি ---পিআইডি

দেশের নাগরিকদের জন্য সমন্বিত ডিজিটাল পরিচয় ও সরকারি সেবা নিশ্চিত করতে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ আরও গতিশীল করতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে ইউরোপের দেশ এস্তোনিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে জাতীয় ডিজিটাল পাবলিক অবকাঠামো এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও দুই দেশের সহযোগিতা বাড়ছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। আইসিটি বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল রূপান্তর, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা, আন্তঃপরিচালনযোগ্যতা এবং তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে মন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যার দেশে সব নাগরিকের জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা একটি বড় কাজ। তবে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নে সরকার আন্তরিক এবং দ্রুত কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

মন্ত্রী আরও জানান, এস্তোনিয়া সফরের মাধ্যমে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার মধ্যে তথ্য সংযোগের কার্যকর পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা পেয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পটি দেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি মজবুত করতে ভূমিকা রাখবে।

এ সময় উদ্যোগটির বাস্তবায়ন এগিয়ে নিতে এস্তোনিয়ার প্রযুক্তিগত পরামর্শ ও বিশেষজ্ঞ সহযোগিতা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

অন্যদিকে এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সে এস্তোনিয়ার অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে তাঁর দেশ আগ্রহী। দুই দেশের মধ্যে চলমান প্রযুক্তিগত সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ তৈরির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যকর হতে পারে।

বৈঠকে আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা জানান, ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি সহায়তা দিচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি তৈরি করেছে। এ ছাড়া জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হলে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য ব্যবস্থাপনা ও পারস্পরিক সমন্বয় আরও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিজিটাল সহযোগিতার পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য এবং জুতা শিল্পে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। মন্ত্রী জানান, প্রচলিত রপ্তানি খাতের পাশাপাশি নতুন শিল্প খাতে বাজার সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।

বৈঠকে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো জানুন ---   শিশুদের সুরক্ষায় সরকারের সাত অগ্রাধিকার, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অঙ্গীকার