প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

জাতীয়

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

 শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের (Jean Pesme) নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের মূল লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জনে সহায়তা করা। এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পিইডিপি-৫-এর কার্যক্রমগুলো আরও যৌক্তিক, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর আওতায় প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা এবং শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), প্রতিকারমূলক শিক্ষা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে বিশ্বব্যাংক আগ্রহী।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।