চাটমোহরে কৃষক মাঠ দিবস পালিত, নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের পরামর্শ
পাবনার চাটমোহরে নিরাপদ ও উচ্চ ফলনশীল ফসল উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সচেতন করতে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা দক্ষিণপাড়া গ্রামের হাসান মোল্লার বাড়ির আঙিনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতা ও অর্থায়নে এসএমএপি-জাইকা প্রকল্পের আওতায় নিরাপদ ও উচ্চ ফলনশীল ফসল উৎপাদন বিষয়ক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লোকমান হোসেন, সাজেদা ফাউন্ডেশনের আটঘরিয়া এলাকার এরিয়া ম্যানেজার দীপক কুমার সরকার, শাখা ব্যবস্থাপক মো. সুজন মিয়া এবং টেকনিক্যাল অফিসার মো. আব্দুল মোত্তালেব।
এ সময় বক্তারা কৃষকদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে ফসল উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরে পরামর্শ দেন। বিশেষ করে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ সবজি চাষ, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণ, ফসলের সঠিক পরিচর্যা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা অত্যন্ত জরুরি। অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদ করলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন সম্ভব। এতে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক হাসান মোল্লা, ফরিদ মোল্লাসহ এলাকার অন্যান্য কৃষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী কৃষকরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সুরক্ষা ও টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।