মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে তিনি মোংলায় অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মোংলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে বড় ধরনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা।
সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)-এর মধ্যে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের বন্দর অবকাঠামো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টার দিকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
মোংলার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনব্যাপী সরকারি সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।