খুলনায় যুবককে গুলি করে হত্যা চেষ্টা
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ সোহেল ওই এলাকার শাহাদতের ছেলে। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
স্থানীয়দের দাবি, সোহেল মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি মো. কবির হোসেন বলেন, সন্ত্রাসীরা সোহেলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।