ব্রাজিলে পেপ গার্দিওলা, বাহিয়ার অনুশীলনকেন্দ্র পরিদর্শন ঘিরে কৌতূহল

শাহনুর রুমেন | ব্রাজিল
২১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

খেলাধুলা

ব্রাজিলে পেপ গার্দিওলা, বাহিয়ার অনুশীলনকেন্দ্র পরিদর্শন ঘিরে কৌতূহল

বিশ্ব ফুটবলের আলোচিত কোচ পেপ গার্দিওলার ব্রাজিল সফর ঘিরে দেশটির ফুটবল মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ব্রাজিলের ক্লাব বাহিয়ার অনুশীলনকেন্দ্র ঘুরে দেখেছেন ম্যানচেস্টার সিটির এই কোচ। সেখানে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে তাঁর সময় কাটানো সফরটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

ব্রাজিলে পৌঁছে প্রথমে সাও পাওলোতে কয়েকটি কর্মসূচিতে অংশ নেন গার্দিওলা। এরপর বাহিয়ার অনুশীলনকেন্দ্র সিদাদে ত্রিকোলর (Cidade Tricolor) পরিদর্শনে যান তিনি। সেখানে বাহিয়ার কোচ রোজেরিও সেনির সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ফুটবল নিয়ে নিজের অভিজ্ঞতা, কৌশল ও দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করেন।

গার্দিওলার এই সফরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে সিটি ফুটবল গ্রুপ (সিএফজি)। ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির পাশাপাশি ব্রাজিলের বাহিয়া ক্লাবও এই গ্রুপের মালিকানাধীন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন সিটি ফুটবল গ্রুপের প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো। ফলে এই সফরে ফুটবলীয় অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ক্লাব পরিচালনা ও ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়ও গুরুত্ব পাচ্ছে।

বাহিয়ার অনুশীলনকেন্দ্র ঘুরে দেখার সময় ব্রাজিলের ফুটবল ও ব্যবসায়িক অঙ্গনের বিভিন্ন ব্যক্তির সঙ্গেও যোগাযোগ ও মতবিনিময় করেন গার্দিওলা। তাঁর এই সফরকে ফুটবল জ্ঞান ভাগাভাগি, ক্লাবগুলোর মধ্যে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার সম্ভাবনার দিক থেকেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য সফরের আরেকটি আকর্ষণ হলো বাহিয়া ও কোরিতিবার ম্যাচে গার্দিওলার উপস্থিতির সম্ভাবনা। তাঁকে মাঠে দেখতে পারার প্রত্যাশায় সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

গার্দিওলার এই সফর আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ এটিই তাঁর প্রথম ব্রাজিল ভ্রমণ। ফুটবলের দেশ ব্রাজিলে তাঁর আগমন এবং স্থানীয় ক্লাবের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করায় সফরটি দেশটির ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।