চাঁপাইনবাবগঞ্জে তিন ধাপে ইউপি নির্বাচন, প্রথম দফায় ভোট গোমস্তাপুর ও ভোলাহাটে
চাঁপাইনবাবগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে তিন ধাপে। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত ধাপভিত্তিক তালিকায় জেলার পাঁচটি উপজেলার নির্বাচনী সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তালিকা অনুযায়ী, প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাট, দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল এবং শেষ ধাপে শিবগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি। এদিন গোমস্তাপুর উপজেলার ৮টি এবং ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের বিস্তারিত তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা পরবর্তী সময়ে ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নির্বাচনী ধাপের তালিকা প্রকাশ করা হয়। কমিশনের ওয়েবসাইটেও তালিকাটি উন্মুক্ত করা হয়েছে।
ইসির প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, সারা দেশে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজন করা হবে। প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের সংখ্যা ইচ্ছাকৃতভাবে কম রাখা হয়েছে।এর আগে সোমবার নির্বাচন কমিশনের ১৪তম কমিশন সভায় ধাপভিত্তিক নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদের তালিকা চূড়ান্ত করা হয়। পরবর্তী সময়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাটে ভোটের তারিখ নির্ধারিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা ঘিরে আগ্রহ বাড়ছে। বাকি তিন উপজেলার ভোটের ধাপ নির্ধারণ হওয়ায় সেসব এলাকাতেও নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা শুরু হচ্ছে।