চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, আটক ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় ৩৯০ বোতল ফেয়ারডিল ও ২০০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে মেহেদি (২৩) নামে এক যুবককে আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি-৫-এর মিডিয়া সেল।
আটক মেহেদি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া গ্রামের আনারুল ইসলাম ও রজিনা খাতুনের ছেলে।
এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়।
গোমস্তাপুর উপজেলার বেল্লাল বাজার এলাকায় গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কে পরিচালিত এ অভিযানে মেহেদিকে ৩৯০ বোতল ফেয়ারডিল ও ২০০ বোতল এস্কাফ সিরাপসহ আটক করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কোম্পানি কমান্ডার আরও জানান, আটক মেহেদির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা সিরাপ ও জব্দ করা যানবাহনসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।