সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি-হয়রানি বন্ধে জিরো টলারেন্স: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রতিদিনের দেশ
১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

জাতীয়

সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি-হয়রানি বন্ধে জিরো টলারেন্স: আইনমন্ত্রী সাব-রেজিস্ট্রি অফিসে জনগণের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সাব-রেজিস্ট্রি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও দুর্নীতি বন্ধ করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দায়িত্ব পালনে অবহেলা, অযোগ্যতা কিংবা দুর্নীতির কারণে কোনো নাগরিক ভোগান্তির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকেই জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোকে দেশের অন্যতম বিশ্বাসযোগ্য ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাগত দক্ষতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। দুর্নীতি ও জনহয়রানির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে নিবন্ধন অধিদপ্তরের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম একক রাজস্ব খাত হিসেবে বিবেচনা করা হয়। অথচ রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় গুরুত্ব ও সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। এ পরিস্থিতির পরিবর্তনে অধিদপ্তরের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁর পক্ষ থেকে কোনো বাধা বা সীমাবদ্ধতা থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

সাব-রেজিস্ট্রি অফিসের সেবার মান ও ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, কিছু কার্যালয়ে সেবা নিতে গিয়ে মানুষকে হয়রানির মুখে পড়তে হয়। বিচ্ছিন্ন এসব ঘটনা পুরো নিবন্ধন অধিদপ্তরের প্রতি মানুষের নেতিবাচক ধারণা তৈরি করে। নাগরিকদের হয়রানিমুক্ত সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। কোনো কর্মকর্তার ব্যর্থতা, অদক্ষতা কিংবা দুর্নীতির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হলে এর দায় তাঁকেই নিতে হবে।

তিনি আরও বলেন, কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ দিতে প্রণোদনার ব্যবস্থা করা হবে। তবে কারও বিরুদ্ধে সেবাগ্রহীতাদের হয়রানি বা দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে বদলির ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে। পর্যায়ক্রমে এ পদ্ধতি বিস্তৃত করার মাধ্যমে নিবন্ধন বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে কারও রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। তবে সরকারি কর্মকর্তা হিসেবে তাঁদের মূল পরিচয় প্রজাতন্ত্রের কর্মচারী। সংবিধান, আইন ও প্রজাতন্ত্রের প্রতি পূর্ণ আস্থা রেখে দায়িত্ব পালন করতে হবে। সরকারি পদ ব্যবহার করে নিজ এলাকায় রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা কিংবা চাঁদাবাজিতে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। সরকার এ ধরনের কর্মকাণ্ড গ্রহণ করবে না।

নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করার বিষয়ে মন্ত্রী বলেন, বিদ্যমান কোনো আইন বা বিধিতে সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে পারবেন। প্রস্তাবগুলো পর্যালোচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় মনে হলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

নিবন্ধন অধিদপ্তরের উন্নয়ন ও সেবার মান বাড়াতে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেমুল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহসহ সংগঠনের নেতারা এবং দেশের বিভিন্ন এলাকার নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।t

আরো পড়ুন----দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা পাবেন সরকারি ভাতা