৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ মাইলফলক: জহির উদ্দিন স্বপন
ছবি -পিআইডি
৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও রাজনৈতিক ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ উৎসবিন্দু হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিন জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা বিকাশে বিশেষ গুরুত্ব বহন করে।
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় জহির উদ্দিন স্বপন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ দিনের সিপাহি-জনতার সম্মিলিত ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের পথ তৈরি করেছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মর্তুজা এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং বাংলাদেশের জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির চেতনাকে ধারণ করে ৭ নভেম্বর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে এ দিনের শিক্ষা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারী, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং নিউইয়র্কের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আরো পড়ুন----জলবায়ু অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে ইইউর সহযোগিতা চাইল বাংলাদেশ