কানসাট ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে – বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
বিএনপি সরকার গঠন করলে কানসাট ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে। পাশাপাশি কানসাট–শ্যামপুর পাগলা নদীর ওপর প্রশস্ত আকারে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করা হবে। এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।
রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আম শিল্প রক্ষায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে চাঁপাইনবাবগঞ্জের আমকে সুরক্ষিত করা হবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক আধুনিকায়ন করা হবে এবং সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। বক্তব্যের শেষাংশে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।
কানসাট ইউনিয়ন নির্বাচনী কমিটির আহ্বায়ক মাসুম রানা টমাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া), শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশিদ, কানসাট ইউনিয়ন নির্বাচনী কমিটির সদস্য সচিব রুবেল আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।