রোহিঙ্গা গণহত্যার রায় না মানলে মিয়ানমারকে পরিণতি ভোগ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
ছবি-সংগৃহীত
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মিয়ানমারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, আদালতের রায় অমান্য করলে মিয়ানমারকে ভালো পরিণতির মুখোমুখি হতে হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় শিবিরের বাসিন্দারা তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার মামলায় গতকাল আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছেন, তা বিশ্ব বিচারব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এমন একটি ঐতিহাসিক মুহূর্তে রোহিঙ্গা শিবিরে উপস্থিত হতে পেরে তিনি বিশেষ গুরুত্ব অনুভব করছেন।
রায়ের বাস্তবায়ন প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে এবং অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার ও যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। রোহিঙ্গাদের হারিয়ে যাওয়া অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করতে হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যাতে তাঁরা নতুন করে নির্যাতন, নিপীড়ন কিংবা বৈষম্যের শিকার না হন, সে জন্য কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
পররাষ্ট্রমন্ত্রীর মতে, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে রোহিঙ্গাদের নাগরিকত্ব, অবাধ চলাচল এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে, যাতে তাঁরা ভয়ভীতি ছাড়াই নিজ দেশে সম্মান ও অধিকার নিয়ে বসবাস করতে পারেন।
এদিকে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের জীবন রক্ষা করেছে। তবে তাঁরা অনির্দিষ্টকাল শরণার্থীশিবিরে থাকতে চান না। তাঁদের মূল প্রত্যাশা নিজ দেশ মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া।
কিন মং আরও বলেন, নিরাপদে প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। এসব অধিকার প্রতিষ্ঠিত হলেই রোহিঙ্গাদের টেকসইভাবে নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি হবে।