সংবাদ শিরোনাম

আড়ংঘাটায় ঘেরে বিষ, ক্ষতি অর্ধকোটি টাকা

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন   |   খুলনা

আড়ংঘাটায় ঘেরে বিষ, ক্ষতি অর্ধকোটি টাকা

খুলনা ব্যুরো :

খুলনার আড়ংঘাটা থানা এলাকার দক্ষিণ পাড়ার বিল খুদে খালের দক্ষিণ পাড়ে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা ৩৫টি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় মাছ চাষি ও কৃষকেরা প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কাপালি ঘাট থেকে খালের ওপারে যাওয়ার জন্য একটি বাঁশের সাঁকো ছিল। খাল খননকারী ঠিকাদার প্রতিষ্ঠান সেটি ভেঙে ফেলায় বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় তারা রাতে ঘেরে যেতে পারেননি। ফলে ঘেরের পাহারার ঘর ফাঁকা থাকায় চোরচক্র সুযোগ নেয়।

আড়ংঘাটা ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজাউর রহমান প্রিন্সসহ কয়েকজন কৃষক বলেন, তারা খাল খননের পক্ষে থাকলেও পারাপারের ব্যবস্থা না করে সাঁকো অপসারণ করায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

ঘটনার প্রতিবাদে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে ক্ষুব্ধ কৃষকেরা প্রায় এক ঘণ্টা খননকাজ বন্ধ রাখেন। পরে আশ্বাসের ভিত্তিতে কাজ পুনরায় শুরু হলেও এখনো পারাপারের স্থায়ী ব্যবস্থা হয়নি বলে জানান তারা।

খুলনা কৃষক ফোরামের নেতা মো. মজনু শেখ দাবি করেন, বিষয়টি থানাকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আহমেদ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি এবং তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।