খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবি পরিবারের
খুলনা ব্যুরো :
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান–এর জামাতা ও ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাব–এ সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
সংবাদ সম্মেলনে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান জানান, গত ২১ ফেব্রুয়ারি ইফতার শেষে সন্ধ্যা ৭টা ৭টা ৫৬ মিনিটে তার ছেলে খুলনা পুলিশ লাইন মসজিদ–এ তারাবিহ নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন।
প্রায় আধাঘণ্টা নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তবে এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, মসজিদের সামনে থেকে সুজনের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি রহস্যজনক। আশপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা থাকলেও অনেকগুলো নষ্ট থাকায় তার পরবর্তী অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।