খুলনায় মাদকমুক্ত সমাজ ও পরিবেশ সুরক্ষায় শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা
মাসুদআল হাসান, খুলনা :
‘মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষিকার ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা সোমবার খুলনা পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম। তিনি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি এবং এর বিস্তার দিন দিন বাড়ছে। সুস্থ দেশ ও জাতি গঠনে মাদক থেকে দূরে থাকতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে পরিবার থেকেই শিক্ষার সূচনা হয়। শিক্ষকেরা সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। পরিবেশ সুরক্ষায় সচেতনতার অভাবের কারণে নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, আধুনিক ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারও এক ধরনের আসক্তিতে পরিণত হচ্ছে, যা কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
খুলনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোহা. তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়েন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রকিবুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট আব্দুল আল মামুন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।