ইম্পেরিয়াল হোটেল-বিপিজেএ বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনীতে পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) ও ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনাল যৌথ আয়োজনে হয়ে গেল বার্ষিক ক্রীড়া উৎসব–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের (তথ্য মন্ত্রণালয়) মহাপরিচালক মো. আবদুল জলিল এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইম্পেরিয়াল হোটেলের এমডি এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সুমন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, খেলাধুলার মাঠ এখন খুঁজেই পাওয়া যায় না। মাঠগুলো দখল হয়ে গেছে। ছেলে-মেয়েরা এখন মোবাইল গেমসে আসক্ত। আমাদের মনে রাখতে হবে, খেলাধুলা শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্যেও দরকার।
বিশেষ অতিথি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল ফটো সাংবাদিকদের সারাবছর ধরে ঝুকিপূর্ণ ইভেন্ট কভারের বিষয়টি তুলে ধরে তাদের নিয়ে বার্ষিক ক্রীড়া উৎসব আয়োজনের জন্য জড়িত সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মশিউর রহমান সুমন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পৃষ্ঠপোষক পাওয়া বেশ কঠিন। বার্ষিক ক্রীড়া উৎসব সফল করতে আমি ব্যক্তিগতভাবে তাই উদ্যোগ নিয়েছি। ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের একজন সদস্য হিসেবে আমি ভবিষ্যতে এভাবেই সংগঠনটির পাশে থাকবো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপিজেএ’র সভাপতি একেএম মহসিন। বক্তব্যকালে তিনি বলেন, ফটো সাংবাদিকরা গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। খেলাধুলা নিয়ে বলতে চাই, সবাই আমরা বলি মাঠ নাই। খেলার ফান্ড নাই, সুযোগ নাই। আমরা পরিবর্তন চাই। আমরা আশা করি নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার আসবে। সেই গণতান্ত্রিক সরকার শিশুদের বিকাশের জন্য সুযোগ-সুবিধা তৈরি করবে।
স্বাগত বক্তব্য রাখেন বিপিজেএ’র যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল।সঞ্চালনায় ছিলেন দৈনিক দেশ রুপান্তরের ফটো এডিটর ও গবেষক সাহাদাত পারভেজ। ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহবায়ক এম খোকন সিকদার উৎসব আয়োজনের পরিচালনা করেন।
এবারের ক্রীড়া উৎসবে নকআউট পদ্ধতিতে ক্যারম দ্বৈত, নারী সদস্যদের জন্য লুডু একক, দাবা একক, ৬০ ঊর্ধ্ব সদস্যদের ম্যারাথন ও সাধারণ সদস্যদের জন্য ১০০ মিটার স্প্রিন্ট, শ্যুটিং ও বল নিক্ষেপ ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়।