সংবাদ শিরোনাম

রায়পুরা চরাঞ্চল থানা অনুমোদন উপলক্ষে গণসংবর্ধনা

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন   |   ঢাকা

রায়পুরা চরাঞ্চল থানা অনুমোদন উপলক্ষে গণসংবর্ধনা

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে নতুন থানা স্থাপনের অনুমোদন উপলক্ষে এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে  রায়পুরা চরাঞ্চল  আরাকান্দায় আয়োজিত এই অনুষ্ঠানে নতুন থানা বাস্তবায়নের প্রধান রূপকার হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন-কে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, “রায়পুরা চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি আলাদা থানা। এই চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন থানা স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ অঞ্চলের শান্তি ও উন্নয়নে আন্তরিক।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। তিনি বলেন, চরাঞ্চলের দুর্গমতা ও যোগাযোগ সমস্যার কারণে অতীতে দ্রুত পুলিশি সেবা পাওয়া কঠিন ছিল। নতুন থানা চালু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জসিম উদ্দিন আহমেদ।  এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পাড়াতলী, বাঁশগাড়ীসহ রায়পুরার ছয়টি ইউনিয়নে দীর্ঘদিন ধরে টেঁটাযুদ্ধ, আধিপত্য বিস্তার ও সহিংসতার কারণে জনজীবন ছিল আতঙ্কিত। নিকার-এর ১১৯তম সভায় নতুন থানা অনুমোদনের সিদ্ধান্ত এই অঞ্চলের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা বলেন, “আলহামদুলিল্লাহ, চরাঞ্চল থানার প্রধান রূপকারকে সংবর্ধনা দিতে পারায় আমরা কৃতজ্ঞ। এই থানা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ রায়পুরা গড়ে উঠবে।”