চালের দাম যাতে অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে-- খাদ্য ও ভূমি উপদেষ্টা
ফরিদপুর, ৭ মাঘ (২১ জানুয়ারি):
সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। দেশের খাদ্য মজুত সন্তোষজনক তবে চালের দাম যাতে অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
উপদেষ্টা আজ ফরিদপুর সার্কিট হাউজে জেলার খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে খাদ্য মজুত ও বিতরণ ব্যবস্থা পর্যালোচনা সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার চালের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য একদিকে চালের নিরাপদ মজুত যেমন নিশ্চিত করছে তেমনি বাজারে চালের সরবরাহ বৃদ্ধিও নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করছে। নিম্নবিত্তের জন্য নিয়মিত ওএমএস কর্মসূচির পাশাপাশি বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে। এতে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে। এছাড়া বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্যও অনুমোদন দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে বাজার স্থিতিশীল আছে। তারপরও সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।
উপদেষ্টা নিয়মিত গুদামের চালের মান ও মজুত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। যদি কোন গুদামে মেয়াদ উত্তীর্ণ খাবার অযোগ্য চাল পাওয়া যায় তাহলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দেন।
ফরিদপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে পর্যালোচনা সভায় ডিসি ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।