সংবাদ শিরোনাম

নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবকে আধুনিকায়ন করা হবে --- নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন   |   জাতীয়

নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবকে আধুনিকায়ন করা হবে    --- নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা

ঢাকা, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):

নারী ও শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিবছর ধারাবাহিকভাবে ডিএনএ পরীক্ষার সংখ্যা বাড়তে থাকায় নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিকে একটা আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে। তিনি বলেন, সকল বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিকে দ্রুত স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে। 

উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরের অধিক পুরাতন হওয়ায় এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নমুনা বিশ্লেষণের গুণগত মান, বিশুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে নিয়মিত মেশিন ভ্যালিডেশন, ল্যাব কার্যক্রমের নিয়মিত অডিট এবং এসওপি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবছর ইন্টারনাল ও দুই বছর অন্তর এক্সটার্নাল অডিট করার জন্য অডিট ম্যানুয়েল তৈরি করা প্রয়োজন। তিনি বলেন, সকল ফরেনসিক ডিএনএ’র রিপোর্ট নারী ও শিশু মন্ত্রণালয়ের ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরে সমন্বিত ডাটাবেজের আওতায় সকল নমুনার তথ্য সংরক্ষণ করতে হবে। 

শারমীন এস মুরশিদ আরো বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সেবা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে নারী ও শিশু মন্ত্রণালয়ের আওতায় ২০০৬ সাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়। দেশব্যাপী এই সুবিধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহে স্থাপন করা হয়েছে। ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি ২০০৬ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত মোট ১১ হাজার ৫০১টি মামলার ৩৭ হাজার ৫৯২ টি ডিএনএ নমুনার প্রেক্ষিতে ৬ হাজার ৩৩৩টি মামলার রিপোর্ট প্রদান করা হয়েছে, যা ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্জন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের অধ্যাপক, সিআইডি এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।