চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৮টি ছাগল জীবন্ত পুড়ে মৃত্যু, খামারির ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
পাবনার চাটমোহর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ছাগল খামারের ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনে খামারের ১৮টি ছাগল মারা গেছে। এতে খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা আবুলনগর এলাকায়। ক্ষতিগ্রস্ত খামারটির মালিক মোছাঃ বাঁচা খাতুন।স্থানীয় সূত্রে জানা যায়, গত মধ্যরাতে হঠাৎ খামারের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা ছোট-বড় ১৮টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে ছাগলগুলোকে বাঁচানোর উদ্যোগ নিলেও আগুনের তীব্রতায় কোনো প্রাণীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
দীর্ঘদিনের শ্রম, যত্ন ও সঞ্চয়ে গড়ে তোলা খামারটি এক রাতেই ধ্বংস হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বাঁচা খাতুন। খামারের সব ছাগল হারিয়ে জীবিকার অবলম্বন ভেঙে পড়ায় পরিবারটির সামনে এখন নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ দেখা দিয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং আগুনে পুড়ে যাওয়া খামার ও ঘর পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। পাশাপাশি ঘর পুনর্নির্মাণের জন্য টিন দেওয়ার আশ্বাস প্রদান করেন।
প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
অগ্নিকাণ্ডে খামারের সব ছাগল হারিয়ে পরিবারটি এখন অসহায় অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার তাদের দুর্দশা কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে।
আরো জানুন ---শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের বন্ধুকে আহত অবস্থায় উদ্ধার