ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেক্স নিউজ
২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

জাতীয়

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি-সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ দেশের সাতটি জেলায় মোট ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যদের সতর্ক রাখা হয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে।

নজরদারির অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বও সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।