হজযাত্রীদের বিমানভাড়া কমিয়েছে সরকার, ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ভাতার উদ্যোগ
ছবি---সংগৃহীত
আর্থিক কমাতে সরকার হজের বিমানভাড়া হ্রাস করেছে। পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ধর্মমন্ত্রী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসায় আয়োজিত দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।
মন্ত্রী বলেন, হজযাত্রীদের সুবিধা ও খরচ কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমানো হয়েছে। একইভাবে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ও সদিচ্ছায় দেশের মসজিদগুলোতে দায়িত্ব পালনকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। হজযাত্রীদের ব্যয় কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের ভাতা প্রদানের উদ্যোগ তাদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সহায়ক হবে।
বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।
মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী অনুষ্ঠান পরিচালনা করেন।
মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
আরো জানুন ----দেশের চাহিদা পূরণের পর মাংস রপ্তানির পরিকল্পনা সরকারের