রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর
ছবি ----সংগৃহীত
রাজধানীর রায়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি এলাকার অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী।
বুধবার (১৯ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিবারগুলোর দুর্দশা ও ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখেন ববি হাজ্জাজ।
প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়লে ১১৭টি ঘর পুড়ে যায়। আগুনে বেশ কয়েকটি দোকানও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের সময় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগের কথা জানান। ঘটনাস্থল থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। পরে সংশ্লিষ্ট দপ্তরকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়ে দ্রুত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নিতে বলেন।
ববি হাজ্জাজ বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের অবস্থা ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ যাচাই করে সহায়তার আওতায় আনতে হবে। এজন্য ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে রায়ের বাজার ও আশপাশের এলাকায় আগুনের ঝুঁকি রয়েছে এমন স্থাপনা শনাক্ত করে তালিকাভুক্ত করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে সিমেন্টের দেয়ালের ওপর বাঁশের কাঠামো তৈরি করে টিনের ছাউনি দেওয়া একতলা বাড়ি ও অন্যান্য স্থাপনার নির্মাণশৈলী, কাঠামোগত অবস্থা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার তথ্য সংগ্রহ করতে নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ঘটার পর উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগাম ঝুঁকি শনাক্ত করে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর প্রস্তুতি নেওয়া জরুরি। স্থানীয় পর্যায়ে সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ লক্ষ্যে মোহাম্মদপুর থানা ও দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করে আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর তালিকা ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।