খুলনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি
খুলনা ব্যুরো :
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং অবৈধ সিন্ডিকেট, মজুদদারি ও কৃত্রিম সংকট প্রতিহত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজ-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার স্বাগত বক্তব্য দেন। নির্বাহী সদস্য কবি নাজমুল তারেক তুষারের পরিচালনায় বক্তারা বলেন, রমজানকে কেন্দ্র করে অসাধু চক্র বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।
বক্তারা বাজার মনিটরিং জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং মজুদদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে সরদার আবু তাহের, এইচ এম আলাউদ্দিন, এস এম চন্দন, অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান, সাংবাদিক ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।