রক্তে লেখা একুশ, শ্রদ্ধায় নত জাতি
প্রতিদিনের দেশ ডেস্ক :
আজ ২১ ফেব্রুয়ারি শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে মানুষের ঢল। রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা।
১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে তৎকালীন পুলিশ। এতে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ কয়েকজন শহীদ হন। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
রাজধানীসহ সারা দেশে প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কালো ব্যাজ ধারণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
একুশ বাঙালির শোকের, আবার গৌরবেরও দিন। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের এই ইতিহাস বিশ্বে অনন্য হয়ে আছে।