সাম্বার তালে বিদায় ব্রাজিলের রিও কার্নিভাল! রঙে-ছন্দে মাতল বিশ্ব

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সাম্বার তালে বিদায় ব্রাজিলের রিও কার্নিভাল! রঙে-ছন্দে মাতল বিশ্ব

শাহানুর রুমেন (ব্রাজিল) থেকে:

সাম্বার তালে তালে নাচ, চোখধাঁধানো আলোকসজ্জা আর রঙিন কস্টিউমের ঝলকে শেষ হলো বিশ্বের সবচেয়ে বড় বর্ণিল উৎসব Rio Carnival। কয়েকদিন ধরে চলা এ উৎসবে ব্রাজিলের প্রাণকেন্দ্র Rio de Janeiro পরিণত হয়েছিল এক উন্মুক্ত আনন্দমঞ্চে, যেখানে মিলেছিল সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যের মহাসমারোহ। বিখ্যাত Sambadrome Marquês de Sapucaí–এ অনুষ্ঠিত সাম্বা স্কুলগুলোর বর্ণাঢ্য প্যারেড ছিল এবারের আসরের প্রধান আকর্ষণ। শত শত নৃত্যশিল্পী, শিল্পসম্মত ফ্লোট এবং ঢাক-ঢোলের তালে মেতে ওঠেন লাখো দর্শক।


আফ্রো-ব্রাজিলীয় ঐতিহ্য, ইতিহাস ও সামাজিক সংহতির বার্তা উঠে আসে বিভিন্ন পরিবেশনায়।দেশি-বিদেশি পর্যটকের ঢলে মুখরিত ছিল পুরো শহর। হোটেল, রেস্তোরাঁ ও পর্যটনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয় প্রশাসনের প্রাথমিক হিসাবে, উৎসব ঘিরে অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়েছে।নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় আয়োজন।


চূড়ান্ত প্যারেড ও বিজয়ী সাম্বা স্কুল ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামে এবারের কার্নিভালের। রঙ, ছন্দ আর মানুষের উচ্ছ্বাসে ভরপুর এই উৎসব আবারও প্রমাণ করল—রিও কার্নিভাল শুধু এক উৎসব নয়, এটি ব্রাজিলের সাংস্কৃতিক পরিচয়ের বিশ্বমঞ্চে গর্বিত উপস্থাপন।